এবার ৩৫ জন প্রবাসী পেলেন সিআইপি মর্যাদা

0

সিটি নিউজ ডেস্কঃ সরকার এবার ৩৫ জন অনাবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচন করেছে। মঙ্গলবার (৫ জুন) বিকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তাদের সম্মাননা দেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ সম্মাননা কার্ড তুলে দেন।

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২০১৬ সালের জন্য ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ২৯ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৬ জনসহ মোট ৩৫ জন প্রবাসী এ সম্মাননা পান।

এবার শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগ ক্যাটাগরিতে কেউ আবেদন না করায় এক্ষেত্রে কাউকে সিআইপি সম্মাননা দেওয়া হয়নি। ২০১৬ সালের নির্বাচিত সিআইপিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৩ জন, ওমান থেকে ৬ জন, যুক্তরাজ্য থেকে ৩ জন, কাতার থেকে ৩ জন ও অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর ও হংকং থেকে ১ জন করে সর্বাধিক বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি সিআইপি নির্বাচিত হয়েছে।

বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনাবাসী বাংলাদেশি হিসেবে ৬ জন সিআইপির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ০২ জন এবং ওমান, রাশিয়া, কুয়েত ও কাতার থেকে ১ জন করে নির্বাচিত হয়েছেন।

সম্মাননা কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স প্রবাহের ধারাবাহিকতায় অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে।

মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণকারী ও বাংলাদেশি পণ্য আমদানীকারকদের পাশাপশি দেশে শিল্পক্ষেত্রে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, পূর্বের যেকোনও সময়ের চেয়ে দেশে এখন শিল্পক্ষেত্রে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।

বর্তমান সরকারের আমলে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। আমার বিশ্বাস বৈধপথে রেমিটেন্স প্রেরণ করলে বৈদেশিক রিজার্ভের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সিআইপি সম্মাননা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.