সিটি নিউজঃ চট্টগ্রামে একদিনের বৃষ্টিতেই জলাদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। নগরীর সব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মুষলধারে বৃষ্টির সাথে যোগ হয়েছে জোয়ারের পানি। আবহাওয়া দপ্তর জানিয়েছে সাগরে অবস্থানরত লঘুচাপের ফলে ভারী বৃষ্টিপাত।
গতকাল রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে,আগ্রাবাদ, ব্যাপারীপাড়া, বড়পোল, এক্সেসরোড, প্রবর্তক মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, ২ নম্বর গেট,পুরো হালিশহরসহ প্রায় এলাকা মধ্যরাতের বৃষ্টির পানিতে তলিয়ে ছিল।
আবহাওয়া অফিস সুত্র জানায়, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় তার প্রভাবে চট্টগ্রাম জুড়ে বিরামহীনভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপটি রবিবার শেষ রাতে সীতাকুন্ড উপকূল দিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছে।
তবে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২৪০ মি.লি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সোমবারও সারাদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, ব্যাপারীপাড়া, ছোটপোল, বড়পোড় এলাকায় বৃষ্টি ও জোয়ারের পানি মিশে একাকার হয়েছে জলাবদ্ধতা। মৌসুমের প্রথম বৃষ্টিপাতেই এ ধরনের জলাবদ্ধতা ভাবিয়ে তুলেছে বাসিন্দাদের। নগরীর হাট বাজার, স্কুল, কলেজ, ঈদ বাজার সর্বত্র পানিতে একাকার।
তবে লাগাতার বৃষ্টি হলেও নগরীর কোথাও এখনও পর্যন্ত পাহাড় ধ্বসের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে জেলা প্রশাসনের কড়া নজরদারী রয়েছে। আগাম মাইকিং করে পাহাড় বা পাহাড়ধারে বসবাসরত বসিন্দাদের নিরাপদ জায়গায় চলে যেতে অনুরোধ জানান জেলা প্রশাসন।
