সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় মিনিবাসের ধাক্কায় তিথি বড়ুয়া নামে এক মডেল নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিথি রাঙ্গুনিয়ার ক্ষুদ্র ব্যবসায়ী সুধাংশু বিকাশ বড়ুয়ার ছোট মেয়ে।
তিনি নাসিরাবাদ মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। এছাড়াও তিথি চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের হয়ে মডেলিং করতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরে তিথি বড়ুয়াসহ তিনজন জিইসি মোড় থেকে ফয়ে’স লেকের দিকে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিক্সাটি খুলশী থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস সামনা সামনি ধাক্কা দেয়।
এতে মিনিবাসের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায় এবং তিথি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, সাড়ে ৪টার দিকে তিথি বড়ুয়া নামক একজন মেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
