চট্টগ্রামের হালিশহরে পানিবাহিত রোগ, জন্ডিসে ৩ জনের মৃত্যু

0

সিটি নিউজঃঃ  জন্ডিস, ম্যালেরিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, সিডিএর অধিবাসীরা। এরই মধ্যে ৩ জনের মৃত্যুর খবরে নগরীর হালিশহর এলাকার অধিবাসীরা আতংকিত হয়ে পড়েছে। ওই এলাকার শাহেদা মিলি (৪০), ইয়াসির আরাফাত (২৮) ও আশিকুল রিসাত (১৮) নামের তিন জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছৈ।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এলাকাটির পানিতে জন্ডিসের জীবাণু থাকার বিষয়টি নিয়ে প্রশাসন নড়েচড়ে বসেছে। একই সাথে এই মৃত্যুর খবরে নতুন করে আবারো আতঙ্ক ছড়িয়ে পড়ছে ওই এলাকার বাসিন্দাদের মাঝে।

এর আগে এপ্রিলের শেষদিকে হালিশহরের ঘরে ঘরে জন্ডিস ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সিভিল সার্জন কার্যালয়সহ স্বাস্থ্য সেবাদাতা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তৎপরতা বাড়ে। মে মাসের শুরুতে ওই এলাকার ৩১ জনের রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে(আইইডিসিআর) নিয়ে যাওয়া হয়। রক্তের নমুনা পরীক্ষা করা ৩১ জনের শরীরেই জন্ডিস (হেপাটাইটিস–ই) ধরা পড়ে আইইডিসিআর’র রিপোর্টে।

ওই এলাকার ৫টি পয়েন্ট থেকে পানির নমুনাও সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় ঢাকার আইইডিসিআরে। পরীক্ষার জন্য ওই নমুনা পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পাঠায় আইইডিসিআর। পানির নমুনাগুলো আলাদাভাবে পরীক্ষা করে পাবলিক হেলথ ল্যাবরেটরি। পানিতে তিন ধরনের ব্যাকটেরিয়ার অস্তিত্ব রয়েছে কিনা তা দেখা হয় পরীক্ষায়।

ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ল্যাবরেটরির সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. আজিজুল হক, মেডিকেল অফিসার ডা. মাহমুদা খাতুন ও ল্যাবরেটরির প্রধান ডা.শাহানা আলম স্বাক্ষরিত রিপোর্টে দেখা যায়– ৫টির মধ্যে ৪টি পয়েন্টের পানিতে ব্যাকটেরিয়ার ক্ষতিকর পর্যায়ের অস্তিত্ব পাওয়া যায়নি। এই ৪ পয়েন্টের পানি পরীক্ষার ফলাফল সন্তোষজনক উল্লেখ করা হয়।

তবে বাকি একটি পয়েন্টের পানিতে স্বাভাবিক সীমাবদ্ধ প্যারামিটারের তুলনায় একটু বেশি সংখ্যক ব্যাকটেরিয়ার অস্তিত্ব ধরা পড়ে। সেটি ছিল হালিশহরের নয়া বাজার পয়েন্ট থেকে সংগ্রহ করা পানি এবং এ নমুনা পরীক্ষার ফলাফলকে সন্তোষজনক নয়(আনসেটিসফেক্টরি) বলে উল্লেখ করা হয় রিপোর্টে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ডিসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। খবর পেয়ে সোমবার (গতকাল) হালিশহরে ছুটে গেছেন জানিয়ে সিভিল সার্জন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি পেয়েছি। ঈদের আগে–পরে এই তিনজনের মৃত্যু হয় বলে জানতে পেরেছি।

কিন্তু তিনজনের মৃত্যুর কারণ একমাত্র জন্ডিস কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে বলেছেন জানিয়ে সিভিল সার্জন বলেন, কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখবেন।

এদিকে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যায় বিষয়টি আমাদের জানানো হয়েছে। আজই এ বিষয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। তিনি জানান, প্রাথমিক ভাবে চিকিৎসা নেয়া হাসপাতালগুলো থেকে মৃত রোগীদের বিষয়ে বিভিন্ন তথ্য–উপাত্ত সংগ্রহ করা হবে।

হালিশহরে এপ্রিলে জন্ডিস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন, অনুসন্ধান, জীবানুর পরীক্ষা–নিরীক্ষা সবই হলেও আক্রান্ত মানুষের চিকিৎসা সেবায় জরুরি পদক্ষেপ নেয়া হয়নি না বলে অভিযোগ এলাকাবাসীর। তারা বলছেন, সচেতনতা সৃষ্টিতে কিছু পদক্ষেপ নেয়া হলেও তা পর্যাপ্ত নয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হালিশহর এলাকার অনেকে হেপাটাইটিস ‘ই’ ভাইরাসে আক্রান্ত হয়।

তবে কত জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার কোন সঠিক পরিসংখ্যান কেউ জানাতে পারেনি। বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি)’র উদ্যোগে একটি অস্থায়ী কেন্দ্র করে রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এই কেন্দ্র থেকে ইতোমধ্যে দেড় হাজারেরও বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। এদের অধিকাংশই ন্নিবিত্ত।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, জন্ডিসে আক্রান্ত হওয়ার খবর আসার প্রথম থেকেই হালিশহরের বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। বরাদ্দ দেয়া ২ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৮৫ হাজার ট্যাবলেট বিতরণ শেষ হয়েছে।

সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা সম্বলিত লিফলেট ছাপা হয়েছে ৫০ হাজার। এর মধ্যে ৪৩ হাজার লিফলেট বিতরণ শেষ হয়েছে। এছাড়া ৫০ হাজার ওরস্যালাইনের মধ্যে এখন পর্যন্ত ৩০ হাজার বিতরণ হয়েছে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, আক্রান্ত এলাকায় আরো এক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে। তিনি আরও বলেন, হালিশহর এলাকার রোগীদের বিষয়ে তথ্য চেয়ে নগরীর বেসরকারি হাসপাতালগুলোকে চিঠি দেয়া হবে। তিনি জানান জন্ডিসে আক্রান্ত হলেও এতে আতন্কিত হওয়ার কিছু নেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.