নিজস্ব প্রতিবেদকঃ নগরীর ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় সাংবাদিক রুবেল খানের কন্যা রাইফা খানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে শতভাগ সহযোগীতার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন।
সুপারিশে রাইফার মৃত্যুতে যে সব ডাক্তারের অবহেলা চিহ্নিত হয়েছে তাদের বিচার দাবী করেছেন তিনি। একই সাথে তাদের বিচার প্রভাবমুক্ত রাখারও ঘোষনা দিয়েছেন আ জ ম নাসির। গতকাল সমকাল সুহৃদ সমাবেশ চট্টগ্রাম আয়োজিত মানববন্ধন কর্মসুচীতে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আজম নাসির উদ্দিন।
মানব বন্ধনে মেয়র নাসির আরো বলেন, সাংবাদিক রুবেল খানের বাসায় গিয়ে তাকে স্পষ্ট করে বলেছিলাম, তদন্তে কোন ডাক্তার দোষী প্রমানিত হলে তার ছাড় নেই। তাদের শাস্তি পেতে হবে। আমার পক্ষ থেকে রাইফা হত্যার বিচারে সব ধরনের সহযোগীতা দেয়া হবে। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। রাইফা হত্যার বিচার নিশ্চিত করতেই হবে।
ফয়সাল ইকবাল সম্পর্কে নাসির বলেন, ডা. ফয়সাল পেশাজীবি সংগঠন বিএমএ নেতা। ডা. নেতা হিসেবে তিনি ঐদিন থানায় গিয়েছিলেন। তার আচরণে সমস্যা থাকতে পারে। দুপক্ষ চাইলে এ ভুলভুঝাবুঝির অবসানে উদ্যোগ নেব।
