ঈশ্বরদী-রূপপুর রেলপথ নির্মাণের চুক্তি সম্পন্ন

0

সিটি নিউজ ডেস্ক :: পাবনার ঈশ্বরদী থেকে দেশের অন্যতম মেগাপ্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত নতুন রেলপথ হচ্ছে। এরই মধ্যে প্রকল্পটি একধাপ এগিয়ে গেছে।

আজ মঙ্গলবার (১০ জুলাই) এই রেলপথ নির্মাণে রেলভবনে এক অনুষ্ঠানে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।

ভারতের জিপিটি এবং বাংলাদেশের এসইএল ও সিসিসিএল অংশীদারিত্বের ভিত্তিতে (জয়েন্ট ভেঞ্চার) ২৯৭ কোটি ৫৫ লাখ টাকায় ডুয়েল গেজ এই রেলপথ হবে। এর দৈর্ঘ্য হবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার। চুক্তি অনুযায়ী, আগামী ১৮ মাসের মধ্যে এ কাজ শেষ হবে।

রেলভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মো. মজিবর রহমান এবং ঠিকাদার কোম্পানির পক্ষে শুভাষ চন্দ্র হাওলাদার চুক্তিতে সই করেন।

রেলমন্ত্রী মো. মুজিবুল হক অনুষ্ঠানে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের মালামাল ও যন্ত্রপাতি পৌঁছাতে এ রেললাইন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকারী প্রতিষ্ঠান খুব দ্রুত এ কাজ শেষ করবে বলে আশা করি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্পের আওতায় যে ২৬ দশমিক ৫২ কিলোমিটার নতুন রেললাইন হবে, তার মধ্যে ২২ দশমিক ০২ কিলোমিটার হবে মূল লাইন, আর ৪ দশমিক ৫ কিলোমিটার হবে লুপ লাইন। ১৩টি লেভেলক্রসিং গেইট, একটি ‘বি’ শ্রেণির স্টেশন ভবন, একটি প্ল্যাটফর্ম এবং সাতটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।

এই রেললাইন হলে চট্রগ্রাম ও খুলনা বন্দর থেকে সহজেই বিদ্যুৎ কেন্দ্রে মালামাল পরিবহন করা সম্ভব হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.