সিটি নিউজ, আনোয়ারাঃ ‘পরিকল্পিত পরিবার,সুরক্ষিত মানবাধিকার’-এই শ্লোগানকে সামনে রেখে আনোয়ারায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। বুধবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে তা শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) খাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু ছালেহ মো. ফোরকান উদ্দিনের স্বাগত বক্তৃতায় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসের এমওএমসিএইচ ডা.পূজা মিত্র ও ডা. রেহনুমা হোসাইন। বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের জন্য বড় সমস্যা।
এই সমস্যা নিরসনে সরকার কাজ করছে। কিন্তু সরকারের পক্ষে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ একা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে গত এক বছরে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে অগ্রগতি ও কৃতিত্বের জন্য তিন প্রতিষ্ঠান ও চার কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়েছে।
