সিটি নিউজ, ফটিকছড়িঃ ফটিকছড়ির হালদা পাড়ের ভাঙ্গন কবলিত নাজিরহাট-কাজিরহাট-রামগড় সড়কের ২ স্থানে অস্থায়ী বাঁধ নির্মাণের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক সহযোগিতা দিয়েছেন আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি সাদাত আনোয়ার সাদী।
আজ রবিবার (২২ জুলাই) সকালে তিনি সড়কের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের সময় নাজিরহাট কলেজ সংলগ্ন নাজিরহাট-কাজিরহাট সড়কের ভাঙ্গনের বাঁধ নির্মাণের জন্য ৫০ হাজার টাকা ও মহেশ্বরী সড়কের ভাঙ্গনের বাঁধ নির্মাণের জন্য ৮০ হাজার টাকার নগদ অর্থ এলাকাবাসীর হাতে তুলে দেন।
এ সময় আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি সাদাত আনোয়ার সাদী বলেন, আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। হালদার ভাঙ্গন কবলিত সড়কের হাজার হাজার মানুষের দুঃখ লাঘবের জন্য স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ চৌধুরী লিটন, পৌর আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, পৌর যুবলীগ যুগ্ম আহ্বায়ক মোঃ আলী, ফজল গণি, মীর আইয়ুব খান, হেলাল সিকদার ও ছাত্রনেতা হাসানুল করিম রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
