সিটিনিউজ ডেস্ক:: আগের রাতেও বলেছেন, শেষ পর্যন্ত ভোটে থাকবেন। কিন্তু সকালে ভোট দিয়েই দিয়েছিলেন বর্জনের ইঙ্গিত। জানিয়েছিলেন, কেন্দ্রের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আর এর তিন ঘণ্টার মধ্যেই এল এই ঘোষণা।
সকাল আটকা থেকে ভোট শুরুর চার ঘণ্টার মধ্যেই বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে বরিশালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বললেন, তিনি আর ভোটে নেই। বর্জন করেছেন। এর কিছুক্ষণ আগে ভোট বর্জনের ঘোষণা দেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব।
সকালে নগরীর ১২৩টি কেন্দ্রে ভোট শুরু হয়। আর পৌনে নয়টায় ভোট দিতে এসে সরোয়ার বলেন, ৫০টির মতো কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। তবে বেলা ১২টায় করা সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী বলেন, ‘সকাল হতে ৭০-৮০টি কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেয়নি। সেখানে সবাই মিলে নৌকা মার্কায় সিল পড়েছে।’
‘আওয়ামী লীগ ন্যাক্কারজনকভাবে ভোট দিচ্ছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।’
গত ১০ জুলাই ভোটের প্রচার শুরুর পর থেকেই পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন সরোয়ার। আর ভোটের সকালেও তিনি বলেন, তাদের এজেন্টদের ঢুকতে না দেয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে বেশি দায়ী পুলিশ।
তবে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দেবেন না বলে সে সময় সাংবাদিকদের জানান সরোয়ার।
