রাইফার মৃত্যু : পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন পেলেন চার চিকিৎসক
সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রামে চিকিৎসকের অবহেলায় শিশু রাইফা খানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৪ চিকিৎসককে পুলিশ রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত জামিন দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত। নগরীর ম্যাক্স হাসপাতালে সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জামিন পেয়েছেন অভিযুক্তরা।
সোমবার (২৭ আগস্ট) সকালে এ আদেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।
তিনি জানান, পুলিশের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত প্রত্যেক চিকিৎসককে ১০ হাজার টাকা বন্ডে জামিন দেওয়া হয়েছে।
এর আগে ২০ জুলাই নগরের ম্যাক্স হাসপাতালে অব্যবস্থাপনা ও চিকিৎসকের অবহেলায় শিশু রাইফা খানের মৃত্যুতে তার বাবা সাংবাদিক রুবেল খানের দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে চকবাজার থানা পুলিশ। মামলা নম্বর-০৮।
মামলায় অভিযুক্তরা হলেন-ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী, ডা. বিধান রায় চৌধুরী (৫০), ডা. দেবাশীষ সেনগুপ্ত (৩২) ও ডা. শুভ্র দেব (৩২)।
এদিকে, চকবাজার থানায় মামলা দায়েরের পর গত ৩০ জুলাই উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন অভিযুক্ত এই ৪ চিকিৎসক। উচ্চ আদালত এসময় তাদের ৪ সপ্তাহের জামিন দেন।
২৬ আগস্ট উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে সোমবার (২৭ আগস্ট) চট্টগ্রামের মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে আত্মসমর্পণ করেন শিশু রাইফার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এই ৪ অভিযুক্ত চিকিৎসক।
