নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় অবস্থিত কেডিএস গার্মেন্টসে আজ দুপুরে আগুন লেগে গেলে সকল কর্মী রাস্তায় নেমে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের দমকল কর্মীরা।
আজ বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে এখনো আগুনের কারণ ও প্রাথমিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহিদুর রহমান।
ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষর্শী জানান, কিছুক্ষণ আগে কেডিএস গার্মেন্টসে আগুন লাগে। তবে সঙ্গে সঙ্গেই কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা শুরু করে।
তিনি জানান, আগুন লাগার খবরে কারখানাটিতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এ সময় অনেকে আহত হয়েছেন। আশপাশের পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
