আযান ও নামাজের সময় দুর্গাপূজার সাউন্ড বন্ধ রাখার অনুরোধ
সিটি নিউজ অফিস : চট্টগ্রামে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা ২০১৮ উপলক্ষে বুধবার অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভায় পুলিশ প্রশাসন সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন,আযান ও নামাজের সময় মন্ডপে পূজা কেন্দ্রীক সাউন্ড সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য। শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সমগ্র চট্টগ্রাম মহানগরীতে মন্ডপ কেন্দ্রীক মাদক, ছিনতাই এবং ইভটিজিং প্রতিরোধে পুলিশী অভিযান কার্যক্রম জোরদার, পুলিশী টহল বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী এবং উর্ধ্বতন অফিসার কর্তৃক নিয়মিতভাবে প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শনের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশনার মহোদয় সকলকে আশ্বস্ত করেন।
দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি’র সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটি এবং সকল থানার পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারী ও সদস্যবৃন্দের সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০১৮ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার ৩ অক্টোবর সকাল ১১ টায় ।
উক্ত সভায় চট্টগ্রাম মহানগরী এলাকায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের লক্ষ্যে শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। পুলিশ কমিশনার মহোদয় পুলিশের পক্ষ থেকে পূজা উদযাপনকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চলতি বছরে মহানগর এলাকায় ২৫৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপের ধরণ অনুযায়ী প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রাম মহানগরীতে প্রতিটি পূজা মন্ডপে পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। এছাড়াও র্যাব সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
তাৎক্ষনিক অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ও প্রতিমা বিসর্জনের সময় ফায়ার ব্রিগেডের বিশেষ টিম সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবে। সভায় সিএমপি’র পক্ষ থেকে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি প্রতিটি পূজামন্ডপ কেন্দ্রীক স্বেচ্ছাসেবক টিম গঠন ও টিমের সদস্যদেরকে সার্বক্ষণিক পালাক্রমে নিরাপত্তা ডিউটিতে মোতায়েন এবং তাদের পরিচিতি জন্য নির্ধারিত পোষাক/আইডি কার্ড/আর্ম-ব্যান্ড পরিধানের জন্য অনুরোধ জানানো হয়।
এছাড়াও পূজা মন্ডপে দর্শণার্থী প্রবেশের সুবিধার্থে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা প্রবেশ ও বহির্গমন পথের ব্যবস্থা করণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নিরাপত্তার স্বার্থে বড় বড় প্রতিটি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন, মেটাল ডিটেক্টর, ফায়ার এক্সটিংগুইসার ও জেনারেটরের ব্যবস্থা রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়।
তদুপরি আযান ও নামাজের সময় মন্ডপে পূজা কেন্দ্রীক সাউন্ড সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়। শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সমগ্র মহানগরীতে মন্ডপ কেন্দ্রীক মাদক, ছিনতাই এবং ইভটিজিং প্রতিরোধে পুলিশী অভিযান কার্যক্রম জোরদার, পুলিশী টহল বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী এবং উর্ধ্বতন অফিসার কর্তৃক নিয়মিতভাবে প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শনের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশনার মহোদয় সকলকে আশ্বস্ত করেন।
তাছাড়াও পূজা মন্ডবের আশেপাশে অবৈধভাবে গাড়ি পার্কিং, মেলা, রাস্তার উপর দোকান-পাট না বসানোর জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং জরুরী সেবা পেতে ৯৯৯ যোগাযোগ করার জন্য আহ্বান জানান।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, অতি-উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ, র্যাব, এপিবিএন, এনএসআই, ডিজিএফআই, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এর প্রতিনিধি, চট্টগ্রাম মহানগরীর পূজা উদযাপন পরিষদ সভাপতি জনাব এ্যাডভোকেট চন্দন তালুকদার ও সেক্রেটারী জনাব শ্রী প্রকাশ দাশ (অসিত) সহ সকল থানার পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
