সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর আট ফার্মেসিকে অনুমোদনহীন সরকারি ঔষুধ বিক্রি ও লাইসেন্স না থাকার অভিযোগে ৫৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি ফার্মেসিকে সিলগালা করে দেয়া হয়েছে।
রোববার দুপুর সাড়ে এগারটা থেকে দুইটা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডেপুটি রেভিনিউ কালেক্টর মো. রুহুল আমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিন বলেন,‘নগরীর দেওয়ান বাজার এলাকার ডিসি রোডস্থ মেসার্স মতিয়ার রহমান মেডিকেল স্টোরকে ড্রাগ অ্যাাক্ট-১৯৪০ ভঙ্গ করে অনুমোদনহীন সরকারি ঔষধ বিক্রয়ের দায়ে ৫ হাজার টাকা, একই অভিযোগে এস এম ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা ও মেসার্স চৌধুরী মেডিক্যালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
“এছাড়া ডিপো লাইসেন্স না থাকায় এনায়েত বাজারের বাটালী রোডস্থ মেসার্স হোয়াইট হর্স ফার্মা লি ডিপোকে ২০ হাজার টাকা, ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় মেসার্স আলো মেডিকোকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।”
তিনি আরো বলেন,“ লাইসেন্স নবায়ন না করায় এনায়েত বাজার ডিসি রোডস্থ মেসার্স আর এন মেডিকোকে ৫ হাজার টাকা, মেসার্স সেবা মেডিকোকে ২ হাজার টাকা, মেসার্স ইউনিভারসাল মেডিসিনকে ২ হাজার টাকা (১৯৯৭ সালের পর থেকে আর লাইসেন্স নবায়ন করেনি) এবং বাকলিয়া ডিসি রোডস্থ মেসার্স কিউ এস ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
এর মধ্যে দীর্ঘদিন ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় এনায়েতবাজার বাটালি রোড এলাকার মেসার্স সেবা মেডিকো, মেসার্স ইউনিভারসাল মেডিসিন এবং প্রচুর ডাক্তারি স্যাম্পল পাওয়ায় মেসার্স চৌধুরী মেডিকেল সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
