চট্টগ্রাম বৌদ্ধ বিহারের নির্মাণ কাজ শুরু করুনঃ মেয়র
সিটি নিউজ ডেস্কঃঃ মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে এসে চট্ট্রগাম বৌদ্ধ বিহারকে নবআঙ্গিকে নির্মাণে ভিত্তি দেওয়ার পরও কোন অদৃশ্য শক্তির কারণে এটি বাধাগ্রস্থ হচ্ছে তা বিহার পরিচালনা কমিটি ও বৌদ্ধ সমিতির কর্মকর্তাদের কাছ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র অ জ ম নাছির উদ্দিন চৌধুরী তা জানতে চান।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে বা যারা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে বাধা দেয় তারা দেশ ও জাতির চরম শত্রু। তাদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে। এব্যাপারে বৌদ্ধ সমিতিকে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি গত ৮ ও ৯ নভেম্বর দুই দিন ব্যাপি শতাব্দী প্রাচীন ঐতিহাসিক চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানের শেষদিনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত শান্তিপ্রিয় সম্প্রদায় বিশে^র মাঝে তা প্রমানিত। এই সম্মানকে অক্ষুন্ন রাখা প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে সভার শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান, বৌদ্ধ নেতা অজিত রঞ্জন বড়ুয়া। স্বাগত বক্তব্যদেন বৌদ্ধ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ কুমার বড়ুয়া দেবু। অন্যান্যের মধ্যে বক্তব্যদেন কঠিন চীবর দান উদযাপন পরিষদেও সভাপতি এডভোকেট প্রভূতি রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, অর্থ সম্পাদক সংঘপ্রিয় বড়ুয়া অসীম, শিল্পপতি স্বপন কুমার বড়ূয়া।
বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সপু বড়ুয়া’র সঞ্চালনায় ধর্মদেশনায় অংশগ্রহন করেন ড. সংঘপ্রিয় মহাস্থবির (প্রধান ধর্মদেশক), রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু আর্য্যবংশ স্থবির, বিজয় রক্ষিত মহাস্থবির, কুমিল্লা’র প্রজ্ঞাজ্যোতি স্থবির, শীলজ্যোতি স্থবির প্রমূখ। পঞ্চশীল প্রার্থনা করেন শচীভূষন বড়ুয়া। অনুষ্ঠানে উপাধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া’র সম্পাদনায় বার্ষিক প্রকাশনা ‘বিশ্বমৈত্রী’ প্রকাশিত হয়।
শেষে বিশিষ্ট নৃত্যশিল্পী অনন্য বড়ুয়ার পরিচালনা ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সার্বিক ব্যবস্থাপনায় নৃত্য নাট্য “ঐ মহামানব আসে” এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
