খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেঃ ফখরুল
সিটি নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি মামলায় সাজা পেয়ে এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন । তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে কারাগারে সঠিক চিকিৎসা না দিয়ে তিলে তিলে তাকে অকালে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অত্যন্ত ক্ষোভ ও আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি বিএনপি নেত্রীকে পরিত্যক্ত কারাগারে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই রাখা হয়েছে। কোনো সুচিকিৎসার ব্যবস্থা না করে অমানবিক আচরণ করা হচ্ছে। অন্যের সাহায্য ছাড়া তিনি চলতে পারছেন না। গত সাড়ে তিন মাসে তার অসুস্থতা বেড়েছে। সাড়ে তিন মাস ধরে পরিবারের সদস্যদের আগের মত দেখা করতে দেয়া হচ্ছে না। গত চার মাস ধরে দলের কাউকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। এমনকি আইনজীবীদেরও দেখা করতে দেয়া হচ্ছে না।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিরাপত্তার দায় সরকার, রাষ্ট্রের। চিকিৎসা নিরাপত্তা এবং ন্যায়বিচার খালেদা জিয়ার প্রাপ্য। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির ব্যবস্থা করতে হবে, কাল বিলম্ব করা যাবে না। তার শারীরিক কোনো অবনতি হলে সমস্ত দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
