সিটি নিউজ ডেস্কঃ সংসদ সদস্য হারুন অর রশিদ জামিন পেয়েছেন। শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় বিজ্ঞ আদালত ৬ মাসের জামিন দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদকে।শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করার পর তা বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে তাকে ৫ বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত।
আজ সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো: শওকত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এমপি হারুনের করা আপিলের শুনানি শেষে তাকে ৬ মাসের জামিন দেন।
গত ২১ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ এমপিকে ৫ বছরের দণ্ড দিয়ে রায় দেন আদালত। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় তাকে এ সাজা দেওয়া হয়েছে। এ মামলায় আরও দুজনকে সাজা দেওয়া হয়েছে। তারা হলেন-ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালের ১৯ এপ্রিল হারুন অর রশীদ এমপি কোটায় শুল্কমুক্ত গাড়ি আমদানি করেন। এর এক সপ্তাহ পরই শুল্কমুক্ত গাড়িটি তিনি বিক্রি করে দেন। এ ঘটনায় ২০০৭ সালের ১৭ মার্চ এসআই মো. ইউনুচ আলী বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু করেন আদালত। দীর্ঘ বিচার শেষে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।
উল্লেখ্য, হারুন একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের নেতা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি ।
