বেগম জিয়ার প্যারোল নিয়ে কাদেরের সঙ্গে কথা হয়নিঃ ফখরুল

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা হয়নি বলে দাবি করেছেন।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাঁতী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

ফখরুল বলেন, আমি সেদিনও পরিষ্কার করে বলেছি এই কথাগুলো, আপনারা তাকে জিজ্ঞেস করেন না কেন? কারণ আমরা তো কোনো প্যারোল নিয়ে কথা বলিনি, আমাদের দল থেকে আজ পর্যন্ত বলেছি কি? তো এটা নিয়ে কথা বলা কতটা সঠিক হয়েছে সেটা তিনি বিবেচনা করবেন।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার শরীরের যে অবস্থা তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সে জন্য আমরা বলেছি যে এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কারাগারের মধ্যে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত তাদেরই স্বার্থে। কারণ এই দেশে সত্যিকার অর্থে যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হয় সেটা বেগম খালেদা জিয়া ছাড়া হবে না।

আইনি প্রক্রিয়ায় বিএনপির চেয়ারপারসনের মুক্তি না হলে প্যারোলে আবেদনের কোনও সম্ভাবনা রয়েছে কি-না এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, এটা সম্পূর্ণ তার পরিবারের ব্যাপার। তারাই সিদ্ধান্ত নেবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে বেআইনিভাবে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। সংবিধান অনুযায়ী তিনি জামিনযোগ্য। তিনি জামিন পেতে পারেন এবং পাওয়া উচিত ছিল। কিন্তু এ সরকার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জামিন না দিয়ে আটক করে রেখেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.