উদ্যোক্তা হিসেবে তরুণদের আবির্ভূত হওয়া সময়ের দাবি-অভীক ওসমান
সিটি নিউজ,চন্দনাইশ : চট্টগ্রাম চন্দনাইশ ছাত্র সমিতি’র উদ্যোগে ‘ক্যারিয়ার প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট’ বিষয়ক এক কর্মশালা বরমা ডিগ্রি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আবুল মনছুর মো: হাবীব’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক, কবি ও লেখক অভীক ওসমান।শনিবার ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন চন্দনাইশ ছাত্র সমিতি’র সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল নোমান। চন্দনাইশ ছাত্র সমিতি’র সহ-সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় মূখ্য আলোচক ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী।
অতিথি আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক কালাম চৌধুরী, তরুণ উদ্যোক্তা গৌতম সেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও আবুল খায়ের স্টীল’র এরিয়া ম্যানেজার কামরুজ্জামান ফরহাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ ছাত্র-সমিতি’র প্রতিষ্ঠাতা নোমান উল্লাহ বাহার, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন গিফারী, যুগ্ম সম্পাদক মো: আলমগীর, সাংগঠনিক সম্পাদক তৌফিক আলম জোহাদী, মো: নোমান উদ্দিন, মো: ইব্রাহীম, সাইফুল আলম তুষার, প্রাথমিক ও গণশিক্ষা সম্পাদক আব্দুর রহমান রবিন, দিদার খান জয়, মো: ইসমাইল, মো: তানভীর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অভীক ওসমান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে উন্নত জীবন গঠন করতে হলে কঠোর অধ্যবসায় অপরিহার্য। সফল মানুষ হতে হলে বহুমাত্রিক দক্ষতা অর্জন অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমাদের নতুন প্রজন্মকে শিক্ষা জীবনের পাশাপাশি কর্মজীবনের পারদর্শিতা অর্জনেও সচেষ্ট থাকা জরুরী। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। চাকরি পিছনে না ছুটে শিল্প ও বাণিজ্যে নবীণ উদ্যোক্তা হিসেবে গড়ার উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অভীক ওসমান। উল্লেখ্য, কর্মশালায় দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেন। আলোচনা পর্ব শেষে তাদের সনদ প্রদান করা হয়।
