দুই হাজার কোটি টাকা পাচারে ফরিদপুর ছাত্রলীগ সভাপতির স্বীকারোক্তি

0

সিটি নিউজ ডেস্কঃ দুই হাজার কোটি টাকা পাচারের ঘটনায় মানিলন্ডারিং মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীম দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে বুধবার (২৬ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সিআইডি। এ সময় তিনি সেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি নিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে গত ২২ আগস্ট তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। কাফরুল থানায় মানি লন্ডারিং আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার উত্তরা থেকে সিআইডির একটি দল তাকে গ্রেফতার করে। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক বলেন, ‘মানি লন্ডারিং আইনে সিআইডির দায়ের করা মামলার পলাতক আসামি তিনি।’

উল্লেখ্য, গত ১৬ জুন রাতে ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সুবল চন্দ্র সাহা গত ১৮ জুন ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। ৭ জুলাই পুলিশের বিশেষ অভিযানে সুবল সাহার বাড়িতে হামলা মামলায় গ্রেফতার হন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ সাতজন।

এরপর বরকত ও রুবেলের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তে নামে সিআইডি। তদন্তে প্রাথমিকভাবে দুই হাজার কোটি টাকা অবৈধ উপায়ে অর্জন ও পাচারের তথ্য পাওয়া গেলে গত ২৬ জুন শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে প্রধান আসামি করে অবৈধ উপায়ে দুই হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলাটি করে সিআইডি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.