নির্দিষ্ট সময়ে ও নীতিমালায় হকারদের ব্যবসা করতে হবে

চট্টগ্রামে হকারদের ব্যবসার নির্দিষ্ট সময় বিকেল ৩টা – রাত সাড়ে ৮ টা পর্যন্ত

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন এর প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, নগরীতে সুশৃংখল ও সুষ্ঠ ব্যবস্থাপনার আওতায় এনে হকারদের আয়-রুজির পথ নিশ্চিত করতে হবে। হকারদের সাথে আলোচনায় সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তা মেনে চলার জন্য চসিক প্রশাসক তাদের প্রতি আহবান জানিয়েছেন।

সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত হকাররা ব্যবসা পরিচালনা করবেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, হকার উচ্ছেদ নয়, পূনর্বাসন করাটাই হলো একটি সামাজিক দায়িত্ব।

বুধবার (২৬ আগস্ট) নগরভবনে প্রশাসকের সাথে চট্টগ্রাম হকার সমিতির সদস্যদের মতবিনিময়কালে এসব কথা বলেন।

প্রশাসক জানান, ৩ সেপ্টেম্বর থেকে প্রথম পর্যায়ে স্টেশন রোড ও আগ্রাবাদে নির্ধারিত জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য হকাররা বসতে পারবেন। তাদের জন্য হলুদ রঙের মার্ক করা চিহ্নিত স্থানে বসার টুল ছাড়া অন্য কোন স্থাপনা থাকবে না বলে জানানো হয়। জনাব সুজন আরোও জানিয়েছেন যে, এখন থেকে সড়কের এক পাশেই তারা ব্যবসা করতে পারবেন। হকারদের খেয়াল রাখতে হবে নগরবাসীর হাঁটা চলা এবং যানবাহন চলাচলে যাতে কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। তাই হকাররা হলুদ মার্ক করা স্থানে বসবেন। হকারদের কর্ম এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা ও বাতি লাগানোর দায়িত্ব পালন করবে সিটি কর্পোরেশন।

এছাড়া হকারদের জন্য নির্ধারিত ব্যাচ ও ইউনিফর্মও নির্দ্দিষ্ট করে দেয়া হয়েছে। এই ইউনিফর্ম ছাড়া কোন হকার রাস্তায় বসতে পারবেন না। হকার নেতৃবৃন্দের সাথে বৈঠকে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, তা মেনে চললে এই সুশৃংখল ব্যবস্থাপনার সুফল তারাই পাবেন। সিদ্ধান্ত পালনে যেন ব্যতয় না ঘটে সেজন্য হকার নেতৃবৃন্দকে সতর্ক বার্তা দেন প্রশাসক।

তিনি বলেন, অনেক সময় ফুটপাত অরক্ষিত থাকায় পথচারী ও নগরবাসী দুর্ঘটনার কবলে পড়েন। এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্কুল-কলেজের শিক্ষাথীরা স্বাচ্ছন্দে চলাফেরা করতে ও নগরবাসীকে সিগ্ধ, নির্মল ও দুর্গন্ধমুক্ত সকাল উপহার দেয়ার জন্য চসিকের গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেন প্রশাসক সুজন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.