সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীতে এবার ২২৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০৫ টি মন্ডপকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে এগুলোতে নিরাপত্তা অধিকতর জোরদার করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সিএমপি কমিশনার কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সভায় সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, ‘পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা নানা পদক্ষেপ নিয়েছি।’
তিনি বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম মহানগরীতে প্রতিটি পূজা মন্ডপে পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর বাইরে র্যাব এর টহল দল নিয়মিত টহল দিবে এবং র্যাবের রিজার্ভ ফোর্স দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবে। এছাড়া সী-বীচ এলাকায় কোস্টগার্ড ও তাৎক্ষনিক অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেডের বিশেষ টিম সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবে।’
প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী, সার্বক্ষণিক বিদ্যুত ব্যবস্থা নিশ্চিত করণ, অগ্নিকান্ড নির্বাপন, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পৃথক কমিটি গঠন করারও অনুরোধ জানান পুলিশ কমিশনার।
এদিকে সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পূজাকালীন আইনশৃঙ্খলা সম্পর্কিত যে কোন সহায়তার জন্য পুলিশ কন্ট্রোলকে তাৎক্ষনিকভাবে জানালে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। ০৯৬৬৭৭১১৭৭ নম্বরে কল করে সমস্যা জানালে ‘হ্যালো ওয়ার্ল্ড’ নামক একটি কমিউনিকেশন প্রতিষ্ঠান তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট থানা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবে। এবার পূজা উপলক্ষে প্রথমবারের মতো এধরনের প্রতিষ্ঠানকে কমিউনিকেশনের দায়িত্ব দেয়া হল।
মত বিনিময় সভায় পুলিশ, র্যাব ও আনসার-ভিডিপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বুধবার মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, ‘আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সাড়ম্বরে উদযাপিত হতে পাওে, তার জন্য বর্তমান সরকার প্রশাসনিকভাবে যা করা দরকার তার সবই করবে। পূজা মন্ডপের নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ।’
