সিটি নিউজঃ চট্টগ্রামে হিজবুত তাহরীর দুই জঙ্গির সাজা হয়েছে। সন্ত্রাস দমন আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর দুই সদস্যকে চার বছর করে কারাদণ্ড দেন আদালত।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলোঃ চান্দগাঁও থানার খাজা রোড়ের মো. রিয়াজুল আলমের ছেলে মো. সাইমন আলম চৌধুরী প্রকাশ সাঈদ (২৬) ও রাঙ্গুনিয়া উপজেলার ভোমরা এলাকার নুরুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (২৭)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনের ১০ ও ১৩ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণিত হয়েছে। এজন্য প্রত্যেক আসামিকে উভয় ধারায় পৃথকভাবে ২ বছর করে মোট চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেছেন আদালত। পরবর্তীতে দুই আসামিকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
এর আগে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে উক্ত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় তখন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল বড়ুয়া বাদি হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। পরবর্তীতে এ মামলায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে বিচারক তা আমলে নেন এবং তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
সিটি নিউজ/ডিটি
