চট্টগ্রামের নগরীর উত্তর কাট্টলী এলাকার সিডিএ আবাসিকের পদ্ম পুকুর পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই এলাকায় বেশ কয়েকটি ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ ছিল, যা আগুনে পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানা গেছে, রাত ২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।
