সিটিনিউজবিডি : চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশ সদস্যকে অপহরণের পর খুনের অপরাধে দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম এ রায় দিয়েছেন।
দন্ডিত আসামিরা হলেন নগরীর কর্ণফুলী থানার চরলাক্ষা এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. জসিম ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইমদাদুল হক। আসামিরা বর্তমানে পলাতক আছে।
চট্টগ্রামর জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম বলেন, আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৩০ ডিসেম্বর বিকেল ৫ট ১০মিনিটে রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির প্রহরী কনস্টেবল আরমান হোসেনকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পুলিশ রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের নোয়াপাড়ার কমলদীঘির পাড় এলাকা থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পরদিন ৩১ ডিসেম্বর নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কামাল আব্বাস বাদী হয়ে এ দুইজনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন।
মামলার চার্জশিট দেয়া হয় ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর। আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন একই বছরের ২ ডিসেম্বর। ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।
