নিজস্ব প্রতিবেদক : হাসপাতাল থেকে সরকারী বিভিন্ন ওষুধ গোপনে এনে স্বামীর দোকানে সরবরাহ করতো চট্টগ্রাম জেনারেল হাসপাতালের স্টাফ নার্স বাসনা দেবী। অভিযানে মনিকা ফার্মেসী নামে সেই ফার্মেসী থেকে বিপুল পরিমান ভারতীয় ওষুধসহ বিক্রয় নিষিদ্ধ সরকারী ওষুধও পাওয়া যায়।
বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত নগরীর উত্তর নালাপাড়া ও কোতোয়ালি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি মো: রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিন ফার্মেসীকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নগরীর উত্তর নালাপাড়ার মনিকা ফার্মেসী থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ সরকারী ওষুধ,ভারতীয় ওষুধ,ফুড সাপ্লিমেন্ট ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায় ।একই সাথে দোকানটি সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায় এ ফার্মেসীর মালিক লিটন ভৌমিকের স্ত্রী ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের স্টাফ নার্স বাসনা দেবী নিজেই হাসপাতাল থেকে সরকারী বিভিন্ন ওষুধ গোপনে এনে স্বামীর দোকানে সরবরাহ করতো।
এছাড়া আলকরনের আর এস মেডিকেল থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্ট,ভারতীয় ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই অপরাধে উত্তর নালাপাড়ার স্বপ্না মেডিকেল হল থেকে বিক্রয় নিষিদ্ধ ওষুধ, স্যাম্পল ও ফুড সাপ্লিমেন্ট জব্দসহ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
