চট্রগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠকে যেসকল বেসরকারি স্কুল সরকারি নীতিমালা অনুসরণ না করে অতিরিক্ত ভর্তি ফি আদায় করেছে তাদেরকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন কে বলেন, এসএসসি পরীক্ষার ভর্তি ফরম পূরণের সময় ১২ টি বেসরকারি স্কুল নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করেছে বলে আমরা তথ্য পেয়েছি। ওইসব স্কুল কর্তৃপক্ষকে আদায়কৃ অতিরিক্ত ফি আগামী এক সপ্তাহের মধ্যে ফেরত দেয়ায় নির্দেশ দেয়া হয়েছে এবং এ বিষয়ে অন্যান্য স্কুলগুলোকেও সর্তক করে দেয়া হয়েছে । এ নির্দেশনা না মানলে ভবিষ্যতে তাদের এমপিও বাতিল করা হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক জানান, কোন স্কুল নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না । যদি এধরনের অভিযোগ পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
যেসকল বেসরকারি স্কুল অতিরিক্ত ফি নিয়ে শিক্ষার্থী ভর্তি করেছে বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ এসেছে তার মধ্যে রয়েছে – বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়, সিটি পাইলট স্কুল এন্ড কলেজ, সানমুন স্কুল এন্ড কলেজ, আগ্রাবাদ সরকারি কলোনী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, কলকাকলি উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরি উচ্চ বিদ্যালয়, সেন্ট প্লাসিডস স্কুল, প্রবর্তক বিদ্যাপীঠ , জে এম সেন স্কুল। বৈঠকে নগরীর প্রায় ২০০ টি স্কুলের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত , এসএসসি পরীক্ষায় ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে বিষয়ভেদে দেড় হাজার টাকা এবং মানবিক বিভাগে বিষয় ভেদে ১ হাজার ৪শ’ টাকা নির্ধারণ করে দিয়েছে শিক্ষাবোর্ড। কিন্তু চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে সাড়ে ৪ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।অতিরিক্ত টাকার কোন রশিদ শিক্ষার্থীদের দেয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
