সাকার বাড়ির কাছে সংবাদকর্মী গুলিবিদ্ধ

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামের রাউজানে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাফনের খবর সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিকদের গাড়ি লক্ষ্য করে গুলি এবং হামলার ঘটনা ঘটেছে। এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনার চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার বেলা সোয়া ১১টার দিকে সাকা চৌধুরীর বাড়ি থেকে কিছুটা দূরে এই গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে।

চলন্ত গাড়িতে ওই গুলির ঘটনায় সাংবাদিক প্রিন্স উরুতে গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন্য রাউজান থেকে চট্টগ্রাম আনা হচ্ছে।

প্রিন্সের সঙ্গে থাকা মোহনা টেলিভিশনের ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন সম্পন্ন হওয়ার খবর সংগ্রহ করে বেলা ১১টার দিকে মোহনা টেলিভিশনের গাড়িটি রাউজান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। গাড়িটি সাকা চৌধুরীর বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর গহিরা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এই সময় গাড়িতে থাকা প্রিন্স উরুতে গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রওনা দেন। গুলিতে মোহনা টেলিভিশনের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের গাড়িতে হামলা এবং এক সাংবাদিক গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.