চট্রগ্রাম অফিস :: বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ১১ নৌযানকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট আবুল হাশেম।
তিনি বলেন, টি-১০৫০, এম ভি বে অব বেঙ্গল, এম ভি পি এম এস-৪, এম ভি পি এম এস-১, এম ভি ওশান স্টোর, এম ভি বিউটি অব ছত্রভোগ, এম ভি এন এ-২, এম ভি নাসা, এম ভি শাবাব-২, এম ভি ইলান ভিক্টোরি ও এম ভি ইফতি সাইমুমকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাহাজ চলাচলের সময় চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নিরাপত্তা সরঞ্জাম না রাখা, মাস্টারবিহীন জাহাজ চালানো, মাস্টার ও ড্রাইভারের সার্টিফিকেট না থাকা, বে-ক্রসিং অনুমতিপত্র না থাকা ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে এ জরিমানা করা হয়।
বন্দর চ্যানেল প্রতিবন্ধকতামুক্ত রাখতে এবং নদী পথে মালামাল পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান আবুল হাশেম।
