চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির আউটার স্টেডিয়ামে ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিজয় মেলা। তবে মেলা শুরু হওয়ার ১০ দিন পর তা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ২৭তম এ মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ ও বাঙালী বিশ্ব সভ্যতা ও ইতিহাসে আলোকিত প্রতীক। এই দেশ ও জাতিসত্তা কখনো বিলীন হতে পারে না। আমরা লক্ষ্য করেছি যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ও তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের সময় পাকিস্তান নামক একটি উদ্ভট রাষ্ট্র সাফাই গেয়েছে। এই আচরণ অত্যন্ত ঘৃণ্য। এই আচরণের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিজয় মেলা থেকে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে।
মেলার উদ্বোধনকালে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশ অবশ্যই জঙ্গিবাদমুক্ত একটি আধুনিক রাষ্ট্র গড়ার দিকে এগোচ্ছে। শত বাধা-বিপত্তিকে উপেক্ষা করে বাঙালী সন্তানরা ’৭১-এর রণাঙ্গনে যেভাবে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে, ঠিক একই ভাবে আমরা এখনো যুদ্ধে আছি। তবে আজকের যুদ্ধ সশস্ত্র নয়, মেধা ও মননশীলতার। এই রাষ্ট্রে ধর্মে-ধর্মে, মানুষে-মানুষে মিলনের সংস্কৃতি বিদ্যমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহিত উল আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) এমদাদুল হক।
