ছেলেকে গলা টিপে মারল বাবা

0

চট্রগ্রাম অফিস :: ছয় বছরের শিশু শাহীন খেলতে বের হয়েছিল সকালে। দুপুর হয়ে যাচ্ছে বাসায় না ফেরায় বাবা তাকে খুঁজতে বের হয়। ফিরে আসার পর ছেলেকে মারধর শুরু করেন। গলা টিপে ধরায় শ্বাসরোধ হয়ে মারা গেছে শাহীন।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে চট্রগ্রাম নগরীর আকবর শাহ থানার গোলপাহাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, ছেলেকে শাসন করতে গিয়ে মেরে ফেলেছে ‍বাবা। খবর পেয়ে আমরা তাদের বাসায় গিয়ে বাবাকে আটক করেছি। বাবাকে নেশাগ্রস্ত বলে মনে হচ্ছে। শাহীন গোলপাহাড়ের বস্তির বাসিন্দা মো.আক্তারের ছেলে। আক্তার দিনমজুরের কাজ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বস্তির বাসা থেকে সকাল ১০টার দিকে বের হয়ে শাহীন গোলপাহাড় এলাকায় মাঠে খেলতে যায়। দুপুর ১টা পর্যন্ত ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা উদগ্রীব হয়ে পড়েন। এসময় তাকে খোঁজাখুঁজি পড়ে যায়। বাবাও তাকে খুঁজতে বের হয়।

দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শাহীন বাসায় ফিরে আসে। এসময় ক্রোধে উন্মত্ত হয়ে তার বাবা তাকে মাথার উপর ‍তুলে আঁছড়ে মাটিতে ফেলে। এরপর কিল, ঘুষি ও লাথি মারতে মারতে তার গলা টিপে ধরে। এতে শ্বাসরোধ হয়ে সেখানেই নিথর হয়ে যায় শাহীন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.