চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামে নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় দু’টি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পরপরই অর্থাৎ বেলা ২টার দিকে বিএনএস ঈশা খাঁ ঘাঁটি ও নৌবাহিনীর হাসপাতাল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আরো কয়েকটি অবিস্ফোরিত বোমা সেখানে পড়ে রয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ‘একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা নিষ্ক্রিয়করণ টিম অবিস্ফোরিত বোমাগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। বিস্ফোরণে ৬ জন মুসল্লির আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।’
তবে ঘটনাস্থলে থাকা নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) জাহেদুল ইসলাম বলেন, ‘নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় দুটি মসজিদ রয়েছে। একটি ঈশা খাঁ ঘাঁটির কাছে, আরেকটা হাসপাতালের কাছে। দুটো মসজিদের ভেতরেই বোমা বিস্ফোরণ ঘটেছে। বেশকিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় বাইরে পাওয়া গেছে। ৬ জন মুসল্লি আহত। তারা সবাই নৌবাহিনীর বেসামরিক কর্মকর্তা।’
পুলিশ জানিয়েছে, ঈশা খাঁ ঘাঁটির মসজিদে দু’টি এবং নৌবাহিনীর হাসপাতাল এলাকার মসজিদে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। আহতদের মধ্যেই কোনো একজনের শরীরে বোমা বাঁধা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
