শিবিরের আশ্রয়-প্রশ্রয়দাতা দুই কলেজ কর্তৃপক্ষ: ছাত্রলীগ

0

চট্রগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর দুই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসীন কলেজ প্রশাসন শিবির সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।

চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগ তাদের পূর্ব ঘোষিত ৮ দফা দাবী আদায় না হওয়ায় দুই কলেজে ছাত্র সমাবেশসহ চার দিনের নতুন কর্মসূচী ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসীন কলেজ শাখা ছাত্রলীগের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে।

চারদফা কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১৬ জানুয়ারি শনিবার চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবন ঘেরাও, ১৭ জানুয়ারি রবিবার মহসীন কলেজ প্রশাসনিক ভবন ঘেরাও, ১৮ জানুয়ারি সোমবার কলেজ ক্যাম্পাস থেকে আবাসিক স্থাপনা উচ্ছেদে জনমত গঠনে একযোগে ক্যাম্পাসের বাইরে চারপাশে চারটি বিশাল পথসভা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে ১৯ জানুয়ারি ছাত্র জমায়েত ও সমাবেশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের অধ্যক্ষের কল লিষ্ট যাচাই বাছাই করলেই শিবিরের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতা হিসেবে তাদের সম্পৃক্ততা সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসন লিয়াজো কমিটির গঠনের মাধ্যমে আন্দেলনকে পথভ্রষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছে। আর হাজী মুহামদ মহসীন কলেজ প্রশাসন শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী আন্দেলনেও কোনো সাড়া দেয়নি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা পাভেল।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক এম কায়সার উদ্দিন, ছাত্রলীগ সদস্য ফারীয়া আক্তার রীয়া, মো. মহিউদ্দিন, কাজী নাঈম, মাহমুদুল বারি, কাজী এনাম ও সাইফুদ্দিন প্রমুখ।

এর আগে গত এক সপ্তাহ ধরে দুই কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতসহ ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.