নিজস্ব প্রতিবেদক : সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে ১২টি বিলবোর্ড কাটা হয়েছে। রাত নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে পাঁচ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে দেওয়ানহাট মোড়, লালখান বাজার মোড় থেকে দৈত্যাকার বিলবোর্ড অপসারণ করা হয়।
অভিযান সমন্বয়ের দায়িত্বে থাকা চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন শুক্রবার সকালে জানান, আমরা ছোট-বড় মিলে ১২টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। সমন্বিত এ উদ্যোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
দিনের বেলার চেয়ে রাতের বেলা যান চলাচল কম থাকে-তাই রাতেই বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিলবোর্ড উচ্ছেদে বিশেষ এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন ও তামিম আল ইয়ামীন, আগ্রাবাদের সহকারী কমিশনার (ভূমি) হাসনাত মোরশেদ, চান্দগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেন।
অভিযানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নগর পুলিশ, চসিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন, প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ছিল বলে জানা যায়।
