চট্রগ্রাম : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে বলে মন্তব্য করেছেন ডা: শাহাদাত হোসেন।
বুধবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ টায় দলীয় কার্যালয় নাসিম ভবন কার্যালয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত বিএনপি’র চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ডা: শাহাদাত হোসেন বলেন, ‘তিন তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা ষড়যন্ত্রমূলক, রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। বেগম খালেদা জিয়া এদেশের ১৬ কোটি মানুষে নেত্রী। মামলা দিয়ে বিএনপি’র কোন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে পারবে না।’
ডা: শাহাদাত হোসেন আরো বলেন, স্বৈরাচার এরশার বিরোধী আন্দোলনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন এবং স্বৈরাচার পতন করে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তারই পুরস্কার হিসেবে এই দেশবাসী বেগম খালেদা জিয়াকে “আপোষহীন দেশ নেত্রী” হিসাবে উপাদি দিয়েছিলেন। কিন্তু সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বেগম খালেদা জিয়া এদেশের মানুষকে ছেড়ে বিদেশে পালিয়ে যায়নি।
‘আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর মঈন-ফখরুদ্দিনের এজেন্টা বাস্তবায়ন করছে। এই অবৈধ সরকার দীর্ঘ ৭ বছর ধরে বেগম জিয়া ও জিয়ার পরিবারের বিরুদ্ধে নানাভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করছে। আগামীতেও এদেশের জনগণকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, উল্লেখ করেন তিনি।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সবাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বাবু টিংকু দাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
