চট্রগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে নগরীর রাজপথে নেমে এসেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন উৎসুক জনতাও। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরীর বিভিন্ন স্থানে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শনিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নবম পুনর্মিলনী অনুষ্ঠান শেষে বিকেল তিনটায় প্রধানমন্ত্রী অক্সিজেন থেকে কাপ্তাই রাস্তা পর্যন্ত সিডিএ নির্মিত বঙ্গবন্ধু এ্যাভিনিউ ম্যুরাল, কদমতলী ফ্লাইওভারের উদ্বোধন এবং একই সময়ে বাইপাস সড়ক এবং রিং রোডের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এছাড়া লালখানবাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে তিনটায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং আগ্রাবাদে দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দুপুর একটা থেকে নেতাকর্মীদের নিয়ে অক্সিজেন মোড়ে অবস্থান করছেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে বড় ধরনের জাগরণের সৃষ্টি হয়েছে। সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন। প্রধানমন্ত্রী যতবারই চট্টগ্রামে আসেন ততবারই চট্টগ্রামবাসীকে নতুন নতুন উন্নয়ন উপহার দেন। এবারও তিনি পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে এসেছেন। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নেয়ার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন।
সিডিএ’র বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য অনন্যা আবাসিক এলাকা ও কুয়াইশের সংযোগ সড়কে বড় একটি মঞ্চ স্থাপন করা হয়েছে। সেখানে প্রায় এক হাজার মানুষের বসার জায়গা করা হয়েছে। অনন্যা আবাসিক এলাকার ভেতরে প্রায় দশ হাজার মানুষের বসার জন্য আরেকটি বড় প্যান্ডেল করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনানোর জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর বসানো হয়েছে।
দুপুর দেড়টার মধ্যেই নগরীর অক্সিজেন মোড় থেকে অনন্যা আবাসিক এলাকা হয়ে কুয়াইশ সংযোগ সড়ক পর্যন্ত স্থানটি লোকে লোকারণ্য হয়ে গেছে। যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিট ও থানা পর্যায়ের নেতাকর্মীরা ঢোলবাদ্য বাজিয়ে, মিছিল নিয়ে সেখানে হাজির হয়েছেন। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠতে দেখা গেছে।
এদিকে কুয়াইশ এলাকায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী সড়ক পথে যাবেন আগ্রাবাদে চেম্বারের অনুষ্ঠানে যোগ দিতে। প্রধানমন্ত্রীর যাত্রাপথের বিভিন্ন পয়েন্টে ব্যানার, ফেস্টুন নিয়ে অপেক্ষা করছেন হাজার হাজার নেতাকর্মী। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার আশায় সকাল ১১টা থেকে সড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
নগরীর কুয়াইশ সংযোগ সড়ক, অক্সিজেন মোড়, ওয়াজেদিয়া মোড়, নয়াহাট মোড়, কাপ্তাই রাস্তার মাথা, দু’নম্বর গেইট, দেওয়ানহাট মোড়, বারিক বিল্ডিং মোড়, পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় চট্টগ্রামে প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
