চট্রগ্রাম: চট্টগ্রামে প্রতি বছরের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এ বছর ৩ থেকে ৫ মার্চ ডিজিটাল উদ্ভাবনী মেলা চলবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের উদ্যোগে উদ্ভাবনী ডিজিটাল মেলা জেলা,বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়ে আসছে । চট্টগ্রাম বিভাগে ৩ থেকে ৫ মার্চ এম এ আজিজ স্টেডিয়াম সংগলগ্ন জিমনেসিয়াম মাঠে ৫ টি প্যাভিলিয়ন (শিক্ষা,ই-কর্মাস,সরকারি,বেসরকারি,মিডিয়া ও অন্যান্য) এবং ১০০ বেশী স্টল নিয়ে এই মেলা চলবে।
তিনি আরো বলেন, মেলায় অংশগ্রহন করবে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসকের ১১ টি কার্যালয়,নির্বাচিত সহকারী কমিশনার (ভূমি) অফিস, বিভাগীয় ও জেলা পর্যায়ের ৫৫ টি সরকারি অফিস, নির্বাচিত এনজিও, নির্বাচিত ব্যাংক ও বীমা ৫টি, নির্বাচিত ৩টি ডিজিটাল সেন্টার, ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ই-কমার্সের জন্য ১১ টি স্টল। তবে ই-কমার্সের প্রয়োজনে আরো স্টল বাড়ানো হবে ।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা একটি, শ্রেষ্ঠ জেলা কর্মকর্তা একজন, শ্রেষ্ঠ জেলা শিক্ষা প্রতিষ্ঠান দুইটি, শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দপ্তর একটি ও শ্রেষ্ঠ পোর্টাল একটিকে পুরস্কিত করা হবে ।।
মো. রুহুল আমীন আরো বলেন, এ মেলা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে গৃহীত কার্যক্রম সম্পর্কে জনসাধারনকে অবহিত করা । ব্যাপক প্রচারের মাধ্যমে ডিজিটাল উদ্যোগ সমুহের সাথে বৃহত্তর জনগোষ্ঠির অংশগ্রহন নিশ্চিত করা ।
‘এ মেলায় তরুন উদ্ভাবকদের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনীর ব্যবস্থা থাকবে । ইউনিয়ন ডিজিটাল সেন্টার,ওয়েব পোর্টাল, ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, মাল্টিমিডিয়া ক্লাসরুম ইত্যাদি কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হবে।
ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরো খরচ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বহন করা হবে বলে জানান মো.রুহুল আমীন ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সারোয়ার জাহান ও চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
