মেরিটাইম সেক্টর হুমকির মুখে পড়ার শঙ্কা!

0

চট্টগ্রাম: ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন’র(আইএমও) আইন লঙ্ঘন করে মেরিন ফিশারিজ একাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের সিডিসি দেওয়া হলে বাংলাদেশ মেরিটাইম সেক্টর হুমকির মুখে পড়ার আশঙ্কা করেছেন বাংলাদেশ মেরিন একাডেমি থেকে পাশকরা ক্যাডেটরা।

তারা বলছেন, একটি কুচক্রি মহল প্রকৃত সত্য আড়াল করে যে কোন মল্যে ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি দেওয়ার পায়তারা করছে। এতে বাংলাদেশের মৎস্য খাত ধ্বংস হবে। অ্ন্যদিকে আইএমও’র কালো তালিকাভুক্ত হবে বাংলাদেশ। ফলে বাংলাদেশি নাবিকরা আর কখনোই বিদেশি কোম্পানীর জাহাজে চাকরি করতে পারবে না।

রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন বাংলাদেশ মেরিন একাডেমির পঞ্চম ব্যাচের ইঞ্জিনিয়ার আশরাফ ইবনে নুর।

এক্স-ক্যাডেট অব বাংলাদেশ মেরিন একাডেমি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে আশরাফ বলেন, বাংলাদেশ মেরিটাইম সেক্টর যখন দুঃসময় অতিক্রম করছে তখন একটি কুচক্রি মহল ফিশারিজ একাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের সিডিসি দিয়ে পরিস্থিত আরো ঘোলাটে করতে চায়। নাবিকদের চাকরির জটিলতা নিরসনে বাংলাদেশি মেরিন একাডেমিতে ৩০০ আসন থেকে কমিয়ে ৮০ করা হয়েছে। এই অবস্থায় ফিশারিজ সেক্টর থেকে ক্যাডেটদের মেরিন সেক্টরে অনুপ্রবেশ করালে জাহাজ ও সমুদ্র পরিবহন সেক্টর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।

বাংলাদেশি পতাকাবাহী ৭৮টি জাহাজ থেকে ৩০টি নেমে আসলেও ফিশারিজ জাহাজ বহুগণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, ৬০ শতাংশ ফিশারিজ জাহাজে স্কীপার(মাস্টার) নেই। অথচ তাদের সিডিডি দেওয়ার পায়তারা করছে দেশের উন্নয়ন বিরোধী মহলটি।

‘ফিশারিজ ক্যাডেটদের সিডিসি দিলে দেশের মৎস্য আহরণ শিল্প ভয়াবহ হুমকির মুখে পড়বে। ফলে বাংলাদেশ বিপুল পরিমান মৎস্য সম্পদ ও বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে।’

বাংলাদেশের জাহাজ শিল্প, সমুদ্র বাণিজ্য ও বাংলাদেশি নাবিকদের আন্তর্জাতিক বাজার থেকে সরিয়ে নিতে কুচক্রি মহলটি এই অপচেষ্টা চালাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

ভিসা জটিলতার কথা তুলে ধরে তিনি বলেন, যোগ্যতা ও দক্ষতা থাকার পরও ভিসা জটিলতার কারণে দুবাই, সিঙ্গাপুর, হংকং, ইউএসএ’র মতো মেরিটাইম সমৃদ্ধ দেশের ভিসা পাচ্ছে না বাংলাদেশি নাবিকরা। ফলে নাবিকদের বড় একটি অংশ বিদেশি কোম্পানীতে চাকরির সুযোগ হারাচ্ছে।

হাতে লেখা সিডিসি ও সিওসি জাল হওয়ার কারণে মেশিন রিডেবল সিডিসি ও সিওসি ভেরিফিকেশন এবং অনলাইনে সাইন ইন ও সাইন অফের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনের পরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মেরিন ফিশারিজ একাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের সিডিসি দেওয়ার পায়তারা, মেরিন সেক্টরে অনিয়ম-দুর্নীতি ও বিভিন্ন সমস্যার সমাধানে মানববন্ধন কর্মসূচি পালন করে এক্স-ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন একাডেমীর সদস্যরা। এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.