চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলার বাদালিয়া এলাকার বটতলী গ্রামে আগুনে পুড়েছে ৪টি বসতঘর। বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর হুমায়ুন কবির বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে ৪জন মালিকের ৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
‘এদিকে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় পৃথক একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভেড়া মার্কেট এলাকায় সিগারেটের আগুন থেকে লাগা আগুনে একজন মালিকের একটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে লামারবাজার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’- বলেন অপারেটর হুমায়ুন কবির।
