চবিতে ২২০টি ভাষার বর্ণমালার প্রদর্শনী শুরু

0

চবি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘দেশে দেশে বর্ণমালা’ শীর্ষক প্রদর্শনী। বিশ্ববিদ্যালয় জাদুঘরের প্রদর্শনী কক্ষে আগামি ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এতে প্রায় ২২০টি ভাষার বর্ণমালা স্থান পেয়েছে।

বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি জাদুঘরের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, মহান একুশে ফেব্রয়ারি আমাদের জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি বড় মাইলফলক। ভাষার সাংস্কৃতিক চেতনা থেকেই এ দেশে পর্যায়ক্রমে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধিকারের চেতনা স্ফূরিত হয়। সর্বোপরি সাংস্কৃতিক-অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনার মেলবন্ধনে সৃষ্টি হয় মহান মুক্তিযুদ্ধ।

তিনি বলেন, চবি জাদুঘর বাংলাদেশের একটি সম্পদ। এ জাদুঘরে বিশ্বের বিভিন্ন দেশের বর্ণমালা সংরক্ষিত রয়েছে, যা দেশের অন্যকোনো জাদুঘরে নেই। দেশ-বিদেশের শিক্ষক-গবেষকেরা তাদের গবেষণা কাজে এ জাদুঘর ব্যবহার করে সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগামী বছর থেকে মহান ভাষা দিবস উপলক্ষে এ জাদুঘরের উদ্যোগে তিন দিনব্যাপী বই মেলা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন উপাচার্য।

চবি জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, অধ্যাপক ড. মুহম্মদ শামসুল আলম, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.