নিজস্ব সংবাদদাতা : আগামী প্রজন্মকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বই পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। যত বেশি বই পড়া হবে তত বেশি নিজের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হবে। মনন জগতে দৃশ্যমান পরিবর্তন আসবে। মনের দরজা উন্মোচিত হবে ,বই নির্মল বিনোদনের মাধ্যম। বই পড়ার মাধ্যমে অজানাকে জানা যায় বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার চসিক আয়োজিত ১৩ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন। শহীদ মিনার ও মুসলিম ইনস্টিটিউট চত্বরে এবার বড় পরিসরে বইমেলার আয়োজন করছে চসিক।
মেয়র বলেন, এবারের বইমেলায় ঢাকার ২০টি প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ৬৪টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে বইমেলা কমিটির আহবায়ক নাজমুল হক ডিউক। আলোচনা করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, চসিকের সচিব রশিদ আহমদ, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহআলম নিপু।
শুভেচ্ছা বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ ইসমাইল বালী, গোলাম মোহাম্মদ জোবাইর, এইচএম সোহেল, এসএম এরশাদ উল্লাহ, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভিন জেসি, ফেরদৌসী আকবর, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন বইমেলা কমিটির সদস্যসচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রিমিয়ার কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক ও সাহাবুদ্দিন মজুমদার।
উদ্বোধনী দিন শিক্ষার্থীদের নজরুল সংগীত, হামদ নাত, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপর্ণা চরণ সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা নাচ, গান ও নৃত্যনাট্য পরিবেশন করে।
বইমেলায় শৈলী প্রকাশন, বলাকা প্রকাশন, কালধারা, আবির প্রকাশন, খড়িমাটি, ইতিহাসের খসড়া, শাঁখ, কথন, মনন প্রকাশন, রাদিয়া প্রকাশন, প্রথমা, বাতিঘর, পাঠশালা বুক সেন্টার, পূর্বা প্রকাশন, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট, নন্দন বইঘর, সাউদার্ন ইউনিভার্সিটি প্রেস, কাকলী, অ্যাডর্ন পাবলিকেশন, শব্দশিল্প প্রকাশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কোডেক, তৃতীয় চোখ, মা প্রকাশনী, ইসলামিক ফাউন্ডেশন, দাঁড়িকমা, রানা প্রকাশন, প্রতিভা, তাম্রলিপি, আদিগন্ত, শিশু প্রকাশ, দ্বীন-দুনিয়া প্রকাশন, মাইজভাণ্ডারী প্রকাশন, আফসার ব্রাদার্স, সাহিত্য বিচিত্রা, আলে রাসূল পাবলিকেশন্সের স্টল দেখা গেছে। রয়েছে একটি প্রদর্শনী কর্নার।
