নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের দুইদিন ব্যাপি ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করেছে রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড।
বৃহস্পতিবার সকালে চট্রগ্রাম নগরীর রেলওয়ে পোলেগ্রাউন্ড মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলের মহাপরিচালক আমজাদ হোসেন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রিড়াবিদ, কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের অনুপম মিলনমেলায় পরিণত হয়েছে। নবীন-প্রবীন ক্রীড়াবিদদের দৃপ্ত পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পোলোগ্রাউন্ড মাঠ।
বিভাগীয় পর্যায়ে বিজয়ী ৮টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার ১৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের উপদেষ্টা ও রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ মকবুল আহাম্মদ, পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মো.খায়রুল আলম, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো.শহিদুল ইসলাম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত আলী, উপ-পরিচালক জোবেদা আকতার প্রমুখ ।
………………..জেএম / সিটিনিউজবিডি
