আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউইয়র্ক সিটির পাতালপথে (সাবওয়ে) দিন দিন অপরাধ প্রবণতা বাড়ছে। গত দেড় বছরে (২০১৪ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত) নিউইয়র্ক সিটির সাবওয়ের অপরাধ পূর্ববর্তী বছরের চাইতে ৭.৫ ভাগ বেড়েছে। নিউইয়র্ক পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশে দেয়া তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে নিউইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমে প্রায় দুই হাজার অপরাধের ঘটনা ঘটেছে যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৪০টি বেশি। এ সময় ৪২৫ জন যাত্রী ছিনতাই/চুরির কবলে পড়েছেন, এর আগের বছর যার পরিমাণ ছিল ৩৫৩ জন। ফলে এ অপরাধের হার বেড়েছে শতকরা ২০ ভাগ। এর পাশাপাশি ফেলোনি এসাল্টের (গুরুতর লাঞ্ছনা) পরিমাণও বেড়েছে শতকরা প্রায় ১৫ ভাগ।
শনিবার পুলিশ হারলেমের সিডনি পিফার (৭২) এক বাসিন্দা সাবওয়েতে ঘুমন্ত যাত্রীর জিনিস চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। পুলিশ জানায় এই ব্যক্তি একই কারণে আগে ডজনখানেকবার গ্রেপ্তার হয়েছে। নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা বলছেন ট্রেনে বা বাসে বসে যারা ঘুমিয়ে যান তারাই ক্রাইমের শিকার হন বেশি। এই ব্যাপরে তিনি যাত্রীদের সচেতন হতে অনুরোধ করেন।
২০১০ সাল থেকে ২০১৫ সাল নাগাদ ট্রেনে ঘুমিয়ে পড়ে ক্রাইমের শিকার হয়েছেন এমন যাত্রীর সংখ্যা বেড়েছে শতকরা প্রায় ৩৬ ভাগ হারে। গড়ে বর্তমানে সাবওয়েতে প্রতিদিন যে ৬.৫টি অপরাধের খবর পাওয়া যায় তার ৩টিরও শিকার ঘুমিয়ে পড়া যাত্রীরা। সম্প্রতি এক বোর্ড সভায় খবর জানিয়েছেন নিউইয়র্ক সিটির ট্রানজিট পুলিশ প্রধান জোসেফ ফক্র।
তবে সাবওয়েতে অপরাধের ঘটনা বাড়লেও অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার কমে গেছে গত বছরের তুলনায় শতকরা ৭.৪ ভাগ। সাবওয়েতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০১৪ সালে গ্রেপ্তার করা হয়েছিল প্রায় ৪৪ হাজার যাত্রীকে। ২০১৫ সালে গ্রেপ্তার হয় ৪০ হাজার ৭৩৯ যাত্রী।
পুলিশ কমিশনার বিল ব্রাটন বলেছেন, ‘পুলিশ সাবওয়েতে গ্রেপ্তারের বিষয়ে একটি বিশেষ বিবেচনার পথ বেছে নিয়েছে যাতে যাত্রীদের নির্বিঘ্ন চলাফেরায় তেমন চাপ না পড়ে। তিনি বলেন পুলিশের টার্গেট ভয়ানক ক্রিমিনালরা।’
