নিজস্ব প্রতিবেদক : সাউদার্ন মেডিকেলে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতির পরও চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত না নেওয়ায় রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা হয়েছে। এর ফলে আউটডোর, ওয়ার্ডগুলোতে চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা। একই সঙ্গে মেডিক্যাল কলেজের সব ক্লাস-পরীক্ষাও হচ্ছে না। ফলে দুর্ভোগের মুখোমুখি হওয়া শিক্ষার্থী-অভিভাবক ও রোগীর স্বজনদের ক্ষোভ বাড়ছে।
আন্দোলনরত একজন চিকিৎসক জানান, দুই বছর ধরে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্যে কর্তৃপক্ষের সঙ্গে আমরা দেনদরবার করে আসছি। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল, ইউএসটিসি, বিজিসি ট্রাস্টসহ অনেক বেসরকারি হাসপাতাল রয়েছে, কিন্তু সবচেয়ে কম বেতন-ভাতা দেওয়া হয় সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে।
তিনি জানান, এখানে শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকসহ অন্তত শতাধিক চিকিৎসক রয়েছেন। এ ছাড়া নার্স, আয়া, মাসিসহ সবার বেতন-ভাতাই তুলনামূলকভাবে কম। তারাও স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করছেন।
একজন ইন্টার্নি চিকিৎসক জানান, সাউদার্নে এবার ১১তম এমবিবিএস ব্যাচ ভর্তি হয়েছে। এখানে গাইনি, মেডিসিন, সার্জারি, ইএনটি, চক্ষু, প্যাথলজি, ফরেনসিক মেডিসিনসহ এক ডজনেরও বেশি বিভাগ আছে। রয়েছে আউটডোর সেবাও।

Comments are closed.