গোলাম সরওয়ার : ২৪ কোটি টাকা ব্যয়ে তৈরি করেছে চট্টগ্রাম বন্দর কারশেড। প্রায় এক বছর অপেক্ষায় থাকা নির্মিত কারশেডটি চালু করা হয়নি। তবে আগামী ৭ মে সকালে এটি উদ্বোধন করা হবে। ৯০০ গাড়ির ধারণ ক্ষমতাসম্পন্ন কারশেডটি নৌ-মন্ত্রী শাজাহান খানের উদ্বোধন করার কথা। বন্দর স্টেডিয়ামের বিপরীত পাশে কাস্টম অকশন শেড সংলগ্ন এলাকার ৫ একর জায়গায় ২০১৪ সালের ৯ মে কারশেডের নির্মাণ কাজ শুরু হয়।
বন্দর সূত্রে জানা যায়, নবনির্মিত কারশেড আমদানিকারকদের মূল্যবান গাড়িগুলোর নিরাপত্তা দেবে। সেই সাথে বন্দরের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে বন্দরের জেটি, ইয়ার্ড, জীর্ণশীর্ণ যেসব শেডে আমদানি করা গাড়ি রাখা হচ্ছে সেটি কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং কাজে ব্যবহার করা যাবে।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম জানান ২০০ মিটার রাস্তার জন্য বাংলাদেশ রেলওয়ের অনুমোদন না পাওয়ায় নতুন কারশেডটি চালু করা যায়নি। বিষয়টি নিষ্পত্তি হওয়াতে আগামী ৭ মে চালু করা হচ্ছে। এটি চালু হলে খোলা আকাশের নিচে গাড়ি রোদে পোড়া ও বৃষ্টিতে আর ভিজবে না। তাছাড়া চাকা ও গাড়ির যন্ত্রাংশ চুরির ঝামেলাও কমবে।

Comments are closed.