চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫

সিটিনিউজবিডি : কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় সোমবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এদিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হন।

গয়ালমারায় নিহত দুজন হলো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক তৈয়ুবা বেগম (৩১) ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার নুরুল মোস্তফা (১৭)।  দুর্ঘটনায় আহত নুরুল আমিন (২২), সালেহ আহমদ (২৭) ও ইসমত আরা বেগমকে (১৮) উখিয়া ও কক্সবাজারের হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় গতকাল মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত আবদুল কাদেরের (৫৫) বাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ সিকদারপাড়ায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বেলা আড়াইটার দিকে গয়ালমারা এলাকায় যাত্রীবাহী একটি মাহিন্দ্রর সঙ্গে বালুভর্তি একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় পথচারী আবদুল কাদেরকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা দুটি গাড়ি ভাঙচুর করে। অবরোধের কারণে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম মজুমদার জানান, মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন।

পটিয়ায় আহত ২২: পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জুলুরদিঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় ২২ জন যাত্রী আহত হয়েছে। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী লেগুনা ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুর্ঘটনায় আহত ১৭ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.