মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ : চন্দনাইশ উপজেলার দোহাজারী কামরুলের জীবন চলে মাইকিং তথা ক্যানভেসার করে। প্রতিদিনের আয় দিয়ে ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী নিয়ে সংসার জীবন অতিবাহিত করে কামরুল।
কামরুলের সাথে কথা বলে জানা যায়, বরিশালের ভোলার মুন্সি জহিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম মোস্তফা। বয়স তার ৩২ বছর। সে অনেক কষ্টে ১৯৯৮ সালে এসএসসি পাশ করে। একই সালে সৎ মা’র অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে চাচার হাত ধরে ১৪ বছর বয়সে চট্টগ্রামে আসে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রিকসা চালানোর মাধ্যমে জীবন যাপন শুরু করে। পরবর্তীতে গার্মেন্টস-এ চাকুরী শুরু করে ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত গার্মেন্টস-এ চাকুরী করে কামরুল।
চাকুরী করাকালীন সময় দোহাজারী কিল্লা পাড়ার নুর আলীর মেয়ে নূরজাহানের সাথে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সুবাদে পরবর্তীতে ২০০৩ সালে তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। তাদের সংসারে ১ ছেলে, ১ মেয়ের জন্ম হয়। ছেলে ৭ম ও মেয়ে ১ম শ্রেনিতে অধ্যয়নরত আছে। ২০০৮ সালে কামরুল তার প্রেমিকা তথা স্ত্রীর হাত ধরে দোহাজারী কিল্লা পাড়ায় খুঁটি গাড়ে। সেখানে রিকসা চালিয়ে জীবন যাপন শুরু করে। পরবর্তীতে রিকসা চালানোকে সে পেশা হিসেবে নিতে না পেরে তার কন্ঠ ভালো থাকায় মাইকিং তথা ক্যানভেসার কাজে নেমে যায়।
বর্তমানে সে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া সহ বিভিন্ন এলাকায় শোক সংবাদ, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান সহ প্রচার কাজে সময় পার করছেন। তিনি বলেন, এক সময় ২ থেকে ৩শ টাকা পেলেও, বর্তমানে একদিন মাইকিং এর জন্য খাওয়া-দাওয়ার পাশাপাশি ৬ থেকে সাড়ে ৬শ টাকা করে তার আয় হয়। এ টাকা দিয়ে তার দুই সন্তান, স্ত্রীসহ চার সদস্যের সংসার চলে যায় কামরুলের। দোহাজারী তথা চন্দনাইশ এলাকায় এক নামে পরিচিত ক্যানভেসার কামরুল।
বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় এ কামরুলকে। তিনিও অনুষ্ঠান সঞ্চালনা করে আয় রোজগারের পাশাপাশি সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে উঠায় নিজেকে খুব উৎসাহ বোধ করেন অনুষ্ঠান সঞ্চালনা তথা ক্যানভেসারের দায়িত্ব্ পালন করায়। কামরুল বলেন, এ পেশা তার খুব ভালো লাগে এবং সে এটার মাধ্যমে তার সংসার জীবন চালিয়ে যেতে চায়। সে অনুষ্ঠান সঞ্চালনার জন্য ইতিমধ্যে বিভিন্ন সংগঠন থেকে পুরস্কারও পেয়েছেন। আগামীতে তার স্বপ্ন তার ছেলে-মেয়ে দুটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলে দেশের জন্য কাজ করার মানসিকভাবে প্রস্তুত করা।
