সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয় থেকে আনুমানিক ১০০ গজের মধ্যে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ২৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে চট্টগ্রাম কারাগারের মূল ফটকের সামনে থেকে তিন দুর্বৃত্ত ছুরি ধরে ১০ লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ছিনতাইয়ের শিকার যুবক মো.সোহেল। তিনি নগরীর রিয়াজউদ্দিন বাজারের এন ইসলাম স্টোর নামে একটি কসমেটিক দোকানের কর্মচারী।
ছিনতাইয়ের ঘটনাস্থল থেকে কোতয়ালি থানার দূরত্ব আনুমানিক আধা কিলোমিটার। ছিনতাইয়ের ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার কথা জানিয়েছেন সোহেল।
তবে কোতয়ালি থানার ওসি মো.জসিম উদ্দিন এ ধরনের কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন। তিনি বলেন, আগে তারা আমাকে বলুক। তারপর ব্যবস্থা নেব।
সোহেল জানান, দুপুর পৌনে ২টার দিকে নগরীর খাতুনগঞ্জের আইএফআইসি ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে সোহেল এবং আরেক কর্মচারী নূরউদ্দিন মিলন রিকশায় চড়ে রিয়াজউদ্দিন বাজারে দোকানে যাচ্ছিলেন।
জেলগেটের সামনে রিকশা পৌঁছানোর পর পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের গতিরোধ করে। অটোরিকশার ভেতরে চালকসহ চারজন বসা ছিল। তিনজন নেমে নূরউদ্দিনের গলায় ছোরা ধরে তার কাছ থেকে টাকার ব্যাগটি কেড়ে নেয়।
এরপর সিএনজি অটোরিকশাটি দ্রুত লালদিঘির পাড় হয়ে সিএমপি কার্যালয়ের সামনে দিয়ে কোতয়ালি থানার দিকে চলে যায়।
সোহেল বলেন, ‘আমি অনেক চিৎকার করেছি। টেক্সির পেছনে দৌঁড়ে লালদিঘির মাঠের কোণা পর্যন্ত গেছি। কেউ আমাকে সাহায্য করেনি।’
