সীতাকুণ্ড প্রতিনিধি : শুকনো পাতা সরানোর মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দেড় বছরের এক শিশুকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। শিশুটির মা বাদী হয়ে এ বিষয়ে সীতাকুণ্ড থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ওই অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টায় উপজেলার পূর্ব মুরাদপুর পেশকার পাড়া এলাকার বাসিন্দা প্রবাসী আইয়ুব খানের দেড় বছরের শিশুকন্যা তাহমিনা বাড়ির উঠানে খেলা করছিল। খেলার ছলে শিশুটি একটি শুকনো পাতার স্তুপ এলোমেলো করে দেয়। এতে পাতার মালিক মোঃ জসিম (৩৫) দৌড়ে এসে শিশুটিকে নারিকেল পাতার ঝাড়ু দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় শিশুটির চিৎকার শুনে মুন্নি, সাদিয়া বেগম ও মা সাজিয়া সুলতানা এগিয়ে এলে কথা কাটাকাটির একপর্যায়ে জসিমসহ বশর, রবিউল, মুনছুর, কবির মিলে শিশুটির পরিবারকে এলোপাথাড়ি মারধর করে আহত করে। পরে স্থানীয়রা শিশুটিসহ পরিবারের সদস্যদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
সীতাকুণ্ড থানার এসআই কামাল জানান, শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেছেন।
শিশুটির কপালে ও কোমরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরো জানান, শুকনো পাতা এলোমেলো করার অপরাধে দেড় বছরের একটি অবুঝ শিশুকে মেরে এভাবে রক্তাক্ত করা খুবই দুঃখজনক। খুব শীঘ্রই তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
