গোলাম সরওয়ার : ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম হতাশা প্রকাশ করে বললেন, ৪২ বছর ধরে রাজনীতি করছি। অনেক আন্দোলন সংগ্রামের অংশীদার। আমাদের কবে মূল্যয়ন হবে বলতে পারেন। এভাবে অনেকেই জানিয়েছেন হতাশা ও বেদনার কথা।
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই হয়নি ছাত্রলীগের সাবেক অনেক সভাপতি ও সাধারন সম্পাদকের। গত ২ দশকে বিভিন্ন সময়ে ছাত্রলীগের নেতৃত্বে থাকা কমপক্ষে হাফ ডজন নেতাও নতুন কমিটিতে ঠাঁই পাননি। জনপ্রিয়তাও এক্ষেত্রে অনেকের কাল হয়েছে।
নেতাকর্মীদের বিপুল প্রত্যাশা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি ছাত্রলীগের সাবেক সভাপতি চট্টগ্রামের সন্তান মইনুদ্দিন হাসান চৌধুরী, বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, ইকবালুর রহীম, ইসহাক আলী খান পান্না, অজয় কর খোকন ও নজরুল ইসলাম বাবু। এভাবে অনেক তুখোড় নেতা ও পরীক্ষিত ত্যাগী নেতা বাদ পড়েছেন এবার কমিটি থেকে।
