রান্নাঘর, রুমি রহমান : ঝাল খেতে সবাই পছন্দ করেন। আর যদি হয় ঝাল খিচুড়ি হলে তো কথা নেই। এই রকম একটি খাবার যা সবাই সব সময় খেতে চায়। তাই জেনে নিন ঘরে বসে আপনি এই রেসেপিটা কিভাবে তৈরি করবেন।
উপকরণ : লইট্টা শুঁটকি কিউব করা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১/২ কাপ, সরিষা বাটা ১ চা চামচ, জিরা বাটা ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ১/৪ কাপ। কাটারিভোগ চাল ২ কাপ, ভাজা মুগ ডাল ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১/৩ কাপ, তেজপাতা ২টি, কাঁচামরিচ ফালি ৭-৮টি, লবণ পরিমাণমতো, সরিষার তেল ১/৪ কাপ। ধনে পাতা ২ টা চামচ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, বেরেস্তা ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : শুঁটকি ভালো করে ধুয়ে নিন। ফোটানো পানিতে ১ মিনিট ফুটিয়ে পানি ঝরান। একটু থেতলে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন দিয়ে নরম হয়ে এলে শুঁটকি ও অন্যান্য মসলা দিয়ে দিন। ভালো করে কষিয়ে ১/২ কাপ পানি দিন। ঢেকে রান্না করুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে রাখুন। ডাল ১/২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। চাল-ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। খিচুড়ি রান্না করার হাঁড়িতে তেল দিয়ে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে চুলায় চাপাতে হবে। একটু ভেজে ৫-৬ কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে খিচুড়ি নেড়েচেড়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। খিচুড়ির পানি কমে গেলে উপর থেকে অর্ধেক খিচুড়ি তুলে রান্না করা শুঁটকি, ধনে পাতা, পুদিনা পাতা ছড়িয়ে দিতে হবে। তুলে রাখা খিচুড়ি শুঁটকির উপরে ছড়িয়ে দিতে হবে। উপরে ভাজা পেঁয়াজ ও ঘি দিয়ে দমে রাখতে হবে ১০-১৫ মিনিট। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম শুঁটকি খিচুড়ি।
